নিউজ ডেস্ক | চট্টগ্রাম পোস্ট
রাজধানীর মোহাম্মদপুরে এবার খোদ দুর্নীতি দমন কমিশনের অর্থাৎ দুদকের মহাপরিচালক মোতাহার হোসেন ছিনতাইকারীর কবলে পড়েছেন। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থেকেও খোদ রাজধানীর রাস্তায় এমন হামলার শিকার হওয়ার ঘটনাটি চাঞ্চল্য সৃষ্টি করেছে।
ঘটনাটি ঘটে শনিবার রাতে। মোতাহার হোসেন দুদকের অনুসন্ধান ও তদন্ত শাখা দুই এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাত ১১টার দিকে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশের ফুটপাত দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন।
শহীদ ফারহান ফাইয়াজ চত্বর বা নানক চত্বরের কাছে পৌঁছালে দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত কয়েকজন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে মারধর শুরু করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
ছিনতাইকারীরা তার সাথে থাকা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এবং আইফোন সিক্স প্লাস মডেলের দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এছাড়া তার হাতের একটি দামি ঘড়ি এবং নগদ ১৫ হাজার টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে অপরাধীরা।
এই ঘটনায় ইতোমধ্যে মোহাম্মদপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মহাপরিচালকের পক্ষে অন্য একজন সরকারি কর্মকর্তা বাদী হয়ে মামলাটি করেন।
তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে ছিনতাইয়ের শিকার ব্যক্তি দুদকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। পুলিশ বর্তমানে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে এবং আসামিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই এলাকায় একজন উচ্চপদস্থ কর্মকর্তার ওপর এমন হামলা ও লুটপাটের ঘটনায় জননিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

দৈনিক চট্টগ্রামপোস্ট