কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় "গাছ লাগান, জীবন বাঁচান" স্লোগানকে সামনে রেখে আয়ুব বিবি ট্রাস্টের উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় খোয়াজনগর আজিম-হাকিম স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় কর্ণফুলীর ১৮টি সামাজিক সংগঠনের মাঝে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির ১ হাজার ৭৫০টি গাছের চারা বিতরণ করা হয়।
দুরন্ত দুর্বার সামাজিক সংগঠনের সভাপতি লায়ন রমজান আলী রমু সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়ুব বিবি ট্রাস্ট ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেড-এর চেয়ারম্যান মোহাম্মদ আজিম আলী।
বক্তারা বলেন, বৃক্ষ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশ নির্মল রাখে, জলবায়ুর ভারসাম্য রক্ষা করে এবং ফল, কাঠ ও ঔষধসহ নানাভাবে মানবকল্যাণে ভূমিকা রাখে। তাই বলা হয়, "একটি গাছ, একটি প্রাণ।"
তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি, বন্যা, খরা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ নির্বিচারে বৃক্ষ নিধন। এ সংকট মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার কোনো বিকল্প নেই।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বৃক্ষরোপণ বিষয়ক উৎসাহব্যঞ্জক হাদিসের উল্লেখ করে বলেন, একটি গাছ রোপণ করে মানুষ, পাখি বা প্রাণী উপকৃত হলে তা সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হয়।
তারা সবাইকে অন্তত একটি করে গাছ লাগানো এবং সেটি বড় হওয়া পর্যন্ত যত্ন নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাগরণী সংঘের উপদেষ্টা শাহাজাহান ফারুকী, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক আবদুল্লাহ আল-মামুন, জুনায়েদ, ফরহাদ, মুরাদ, জিএম আব্দুর রহিম, সামাজিক সংগঠক শেখ আহমেদ ও হাফেজ আহমেদ, মুক্ত বিহঙ্গ ক্লাবের প্রতিষ্ঠাতা সেলিম খাঁন, দুরন্ত দুর্বারের সাবেক সভাপতি মুছা শিকদার এবং আনোয়ার মেম্বার।
এছাড়াও কর্ণফুলীর বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিল— কর্ণফুলী প্রেসক্লাব, দুরন্ত দুর্বার, জাগরণী সংঘ, মুক্ত বিহঙ্গ ক্লাব, যুব সংঘ, প্রত্যাশা, দৌলতপুর সমাজকল্যাণ পরিষদ, আজিমপাড়া ক্রীড়া সংস্থা, শাহমীরপুর সমাজকল্যাণ পরিষদ, কর্ণফুলী সমাজকল্যাণ পরিষদ, নামারবাড়ী সমাজকল্যাণ পরিষদ, স্টুডেন্ট কেয়ার মডেল স্কুল, মনির গুষ্টি সমাজকল্যাণ পরিষদ, একুশে আইডিয়াল স্কুল, নব জাগরণ সংঘ, আজিম-হাকিম স্কুল অ্যান্ড কলেজ এবং গোয়াজনগর ইয়াং স্টার ক্লাব।
দৈনিক চট্টগ্রামপোস্ট