প্রবীর সুমন//খাগড়াছড়ি প্রতিনিধি
গুণগত শিক্ষা বিস্তারের লক্ষ্যে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও দিকনির্দেশনা প্রদান করতে এক কাউন্সেলিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক জনাব মোহাম্মদ মোছলেহ উদ্দীন মহোদয়।
সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জনাব সাধন ত্রিপুরা স্যার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নির্ভর হলে চলবে না, নৈতিকতা, শৃঙ্খলা ও লক্ষ্যনির্ধারণের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোহাম্মদ মোছলেহ উদ্দীন মহোদয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষার মূল লক্ষ্য হলো মানবিক ও দক্ষ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। নিয়মিত অধ্যয়ন, সময় ব্যবস্থাপনা ও আত্মবিশ্বাসই শিক্ষার্থীদের সাফল্যের মূল চাবিকাঠি।” তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।
কাউন্সেলিং সভায় শিক্ষার্থীদের পরীক্ষাভীতি, ক্যারিয়ার পরিকল্পনা, উচ্চশিক্ষার প্রস্তুতি ও নৈতিক মূল্যবোধ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। শিক্ষার্থীরা অতিথিদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং দিকনির্দেশনামূলক আলোচনা থেকে অনুপ্রাণিত হন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল কলেজ রোভার স্কাউট দল। শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় অতিথিরা রোভার স্কাউট দলের ভূয়সী প্রশংসা করেন।
এ ধরনের কাউন্সেলিং সভা শিক্ষার্থীদের মানসিক ও একাডেমিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট