জে.এম জাবেদ- আনোয়ারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর সিংহ প্রতীকের প্রার্থী মোহাম্মদ এমরান চৌধুরী তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে তিনি আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে ৮টি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি তুলে ধরেন।
ইশতেহারে তিনি বলেন, “ধর্ম যার যার, বাংলাদেশ সবার”—এই নীতিকে সামনে রেখে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল ধর্মের নাগরিকের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও মৌলিক সেবার অধিকার নিশ্চিত করা হবে। নির্বাচিত হলে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার প্রতিটি নাগরিকের জন্য বৈষম্যহীন সমঅধিকার ও সুষম বণ্টন নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, গ্যাস, বিদ্যুৎ, পানি ও ভৌগোলিক সুবিধার কারণে আনোয়ারা–কর্ণফুলী একটি সম্ভাবনাময় শিল্পাঞ্চল হলেও স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে বঞ্চিত। সিংহ প্রতীকে বিজয়ী হলে কেপিজেডসহ দেশি-বিদেশি শিল্পপ্রতিষ্ঠানে স্থানীয় বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
ইশতেহারে অবকাঠামো উন্নয়নে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, জুলুম-নির্যাতন ও মব সৃষ্টিকারী যেকোনো অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান তিনি।
এছাড়া সরকারি সুবিধাভোগীদের পাশাপাশি নিম্ন ও মধ্যবিত্ত অসচ্ছল পরিবার, বৃদ্ধ ও বিধবা নারীদের আর্থিক সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ প্রদান এবং এতিমখানা, হেফজখানা ও আবাসিক মাদ্রাসায় খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণের প্রতিশ্রুতি দেন।
ইশতেহারে আরও উল্লেখ করা হয়, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, ইউনিয়ন পরিষদভিত্তিক গ্রাম আদালত শক্তিশালীকরণ, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা ও অধিকার রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
ইশতেহার ঘোষণাকালে তিনি একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট