ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে রাস্তা সংস্কারের অভাবে চলাচলে ১০হাজার মানুষের দুর্ভোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 5, 2026 ইং
চন্দনাইশে রাস্তা সংস্কারের অভাবে চলাচলে ১০হাজার মানুষের দুর্ভোগ ছবির ক্যাপশন: ১০হাজার মানুষের দুর্ভোগ
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের  চন্দনাইশের বরকল ইউনিয়নের একটি সড়কের সংস্কার হয়নি দুই যুগ। বরকল ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী মধ্যম কানাইমাদারি আদর্শ পাড়া নতুন বাড়ির প্রধান সড়কটি প্রায় দুই যুগ ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে। ফলে চরম দুর্ভোগে চলাচল করছে ৩ গ্রামের ১০হাজার মানুষ। 

স্থানীয়রা জানায়  মধ্যম কানাইমাদারি আদর্শ পাড়া নতুন বাড়ির প্রধান সড়ক চরম ভোগান্তিতে জনসাধারণ চলাচল করলেও স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কারো নজরদারি নেই।
এদিকে দীর্ঘদিনের অবহেলা ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সমন্বয়হীনতার কারণে সড়কটির কোনো কার্যকর উন্নয়ন হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে দেখা গেছে, বর্তমানে সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক। কোথাও কাদায় ভরা, কোথাও ভাঙাচোরা—যার ফলে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এমনকি সাধারণ মানুষের জন্যও পথটি প্রায় অচল হয়ে পড়েছে। শুষ্ক মৌসুমে কিছুটা কষ্ট করে চলাচল সম্ভব হলেও বর্ষা এলেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে, বাড়ে দুর্ভোগের মাত্রা। সড়কের এক পাশে থাকা খালের ভাঙন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। 

সড়কটি নিয়ে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য বাহাদুর বলেন, সড়কটির অবস্থা খুব খারাপ। আমরা চেষ্টা করতেছি সড়কটি সংস্কারার জন্য। স্থানীয়দের নিয়ে সড়কটি দ্রুত যাতে সংস্কার হয় ইউএনও মহোদয়ের সহযোগিতা কামনা করব।

আজিজুর রহমান নামের এক স্থানীয় যুবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ভাঙনের কারণে সড়কের একটি অংশ ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দ্রুত ব্যবস্থা না নিলে পুরো সড়কটি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই সড়কটি কেবল একটি যোগাযোগ পথ নয়, বরং শত শত পরিবারের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রতিদিন এই পথ ব্যবহার করে মানুষ কর্মস্থল, বাজার ও বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করেন। স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের জন্য এটি একমাত্র নির্ভরযোগ্য সড়ক।

নাছির উদ্দীন নামের এক বৃদ্ধ জানায়, এই সড়কটি 
আশপাশের ৩ থেকে ৪টি বিল এলাকায় যাতায়াতের প্রধান মাধ্যমও এই সড়ক, যেখানে বিস্তীর্ণ ফসলি জমিতে সারা বছর ধানসহ নানা কৃষিপণ্য উৎপাদিত হয়। এছাড়া চন্দনাইশের প্রসিদ্ধ মুন্দারেরচরে যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ হিসেবেও এই সড়ক ব্যবহৃত হয়। ওই চর থেকে এলাকার মানুষের জন্য বিপুল পরিমাণ শাকসবজি সরবরাহ করা হয়, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বেগম নামের এক প্রাথমিক শিক্ষক জানান, 
বিভিন্ন সময়ে নির্বাচনের আগে ও পরে জনপ্রতিনিধিরা সড়কটি সংস্কারের আশ্বাস দিলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। ফলে বছরের পর বছর ধরে একই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। এলাকাবাসীর জোর দাবি, জনস্বার্থ বিবেচনায় দ্রুততম সময়ের মধ্যে সড়কটির সংস্কার কাজ শুরু করে দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে তাদের মুক্তি দেওয়া হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপই এখন একমাত্র ভরসা।

সংস্কারের বিষয়ে চন্দনাইশ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজিব হোসেন বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আমরা স্থানীয় জনপ্রতিনিধি বা স্থানীয়রা আবেদন করলে অগ্রাধিকার দিয়ে সংস্কার করার চেষ্টা করি। আমি স্থানীয় জনপ্রতিনিধির সাথে কথা বলে বিষয়টি সংস্কারের উদ্যোগ নিব।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না