প্রবীর সুমন//খাগড়াছড়ি:
খাগড়াছড়ির দীঘিনালায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
বিজয় দিবসের প্রথম প্রহরে ৭১ এর মুক্তিযুদ্ধে শহীদদের স্বরণে উপজেলা পরিষদ চত্বর ও কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশ, শিক্ষক সমিতি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য মোনাজাত করা হয়।
পরে সকাল ০৮ টায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজ এবং দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার।
এসময় দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজ বলেন, “আজ আমাদের জন্য ইতিহাসের একটি গর্বের দিন। আমরা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবন দেওয়া শহীদ, সম্ভ্রম হারানো মা-বোন এবং ২৪ জুলাই শহীদ ও পঙ্গুত্ব বরণ করা যোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা লাল সবুজ পতাকা ও একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। মুক্তিযোদ্ধাদের সেই অবদান কখনোই আমরা ভুলতে পারব না।
তিনি আরও বলেন, “দীঘিনালা উপজেলায় পাহাড়ি ও বাঙালী সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলেমিশে থাকা আমাদের সবচেয়ে বড় শক্তি। এই মিলন আমাদের সমাজকে আরও দৃঢ় এবং সমৃদ্ধশালী করবে।”
পরে মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সম্মাননা প্রদান করা হয়। এসময় দীঘিনালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সেলিমসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুলিশ, আনসার-বিডিপি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা গানের ছন্দে ডিসপ্লে প্রদর্শন করে বিজয় দিবস উদযাপনকে উৎসবমুখর করে তোলে।

দৈনিক চট্টগ্রামপোস্ট