নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
২১ ফেব্রুয়ারি ২০২৬, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বান্দরবান বিশ্ববিদ্যালয়-এর সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার টি.এ.এম ওমর ফারুক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।
এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাস্ট সদস্য জনাব এম আবদুর রহিম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব মো: খোরশেদ আলী, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. জাহিদুল ইসলাম এবং প্রক্টর জনাব মুহাম্মদ ওয়াহিদুর রহমান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর মহোদয় বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন কোনো একদিনের ঘটনায় সীমাবদ্ধ ছিল না; এর পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও ঐতিহাসিক প্রেক্ষাপট। তিনি ভাষা আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে শিক্ষার্থীদের ইতিহাস চর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বান্দরবানের মতো বহুভাষাভাষী ও বহু-গোষ্ঠীর সহাবস্থানের অঞ্চলে একুশে ফেব্রুয়ারির তাৎপর্য আরও গভীর। মাতৃভাষার মর্যাদা রক্ষা ও ভাষাগত বৈচিত্র্যকে সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব।
আলোচনা সভা শেষে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

দৈনিক চট্টগ্রামপোস্ট