মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম।
সাতকানিয়া উপজেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন সাতকানিয়া সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মনছুরুল আলম এরশাদ। উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আশীষ বরণ দেব'র এক মূল্যায়নপত্রে তাকে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করা হয়েছে।
মনছুরুল আলম এরশাদ, চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার জাফরাবাদ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হাজী নজু মিয়া ও মাতার নাম আয়েশা বেগম।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদ হতে ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিকস এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (বর্তমানে EEE) বিভাগ হতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং এবং এম এস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। তিনি ৩৩ তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০১৪ সালে পদার্থবিদ্যা বিষয়ের প্রভাষক হিসেবে শিক্ষা ক্যাডারে যোগদান করেন। কর্মজীবনে তিনি রামগড় সরকারি কলেজ, খাগড়াছড়িতে অধ্যাপনা করেন। তিনি ১০ই এপ্রিল ২০১৭ সালে সাতকানিয়া সরকারি কলেজে যোগদান করেন।বর্তমানে তিনি সাতকানিয়া সরকারি কলেজের পদার্থবিদ্যা বিষয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
জনাব মনছুরুল আলম এরশাদ বলেন,এটি একটি প্রাতিষ্ঠানিক এবং সামাজিক স্বীকৃতি,যা শিক্ষকের শিক্ষকতা পেশায় পেশাদারিত্ব বৃদ্ধি করে।শিক্ষক শ্রেণি কক্ষের অভিভাবক, অগ্রনায়ক ও শিক্ষার্থীদের উজ্জীবিত করার অন্যতম মেন্টর।উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়া অত্যন্ত আনন্দের ও গৌরবের। এই সম্মাননা আমার কাজের প্রতি দায়িত্ববোধ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই অর্জন আমার একার নয়, বরং কলেজ কর্তৃপক্ষ ও প্রিয় শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল।
দৈনিক চট্টগ্রামপোস্ট