নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
কুমিল্লায় প্রেস সচিব শফিকুল আলম বলেন, খুব সুন্দর একটা ইলেকশন দেখতে পাবেন। যেটা ফ্রি হবে এবং ফেয়ার হবে। ইক্সক্লুসিভ হবে। এবারের ইলেকশন হবে উৎসবমুখর পরিবেশে। সমস্ত জনগণ যেখানে অংশগ্রহণ করবে। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রমিস করেছেন এবার বাংলাদেশের ইতিহাসের বেস্ট ইলেকশন হবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) ১১টায় কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, পলিটিক্যাল পার্টি থাকলে মতভেদ থাকবেই। এটাকে আমরা সিরিয়াসভাবে নিচ্ছি না। বিএনপি অলরেডি ২৩৭টা আসনে প্রার্থী ঘোষণা করেছে। পাশাপাশি জামায়াতও বিভিন্ন জায়গায় প্রার্থী ঘোষণা করেছে। বড় বড় দলগুলো নির্বাচনমুখী।
শফিকুল আলম বলেন, ১৩ নভেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগ এক ধরনের বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করছে। পুলিশ এ বিষয়ে খুবই সতর্ক অবস্থানে আছে। এখন পর্যন্ত সারা দেশে ৭ বাসে আগুন দিয়েছে। আমাদের ধারণা, এটা আওয়ামী লীগের লোকজন করেছে। একজনকে হাতেনাতে ধরা হয়েছে ডেমরা এলাকা। তার বাড়ি গোপালগঞ্জে। এছাড়াও ময়মনসিংহে এক বাসচালককে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মেরেছে। সবগুলো নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কাজ। এই কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে কেনো তাদের নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ টেরোরিস্ট দল।
কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জামাল হোসেন, অফিসার ইনচার্জ মো. হিলাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

দৈনিক চট্টগ্রামপোস্ট