মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ুজনিত সংকটের সময় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন প্রতিবন্ধী ব্যক্তিরা। নিরাপদ স্থানে দ্রুত সরে যাওয়া, জরুরি তথ্য পাওয়া কিংবা প্রয়োজনীয় সহায়তা গ্রহণের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় তাঁদের। এসব বাস্তবতা সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রতিবন্ধিতা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সীতাকুণ্ডের বীর মুক্তিযোদ্ধা এ কে এম মফিজুর রহমান মিলনায়তনে অবস্থিত ইপসা মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রে কর্মশালাটির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) ও বারৈয়াঢালা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (ডিপিও)। এতে সীতাকুণ্ড ও মিরসরাইয়ের স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ইপসার সহকারী পরিচালক মো. নেওয়াজ মাহমুদ। এ সময় তিনি প্রতিবন্ধিতা, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সুরক্ষা এবং সমাজে তাঁদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারবিষয়ক সনদ এবং সংশ্লিষ্ট নীতিমালার বিষয়েও অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
আলোচনায় উঠে আসে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও তাপপ্রবাহের মতো দুর্যোগের মাত্রা বাড়ছে। এসব দুর্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ প্রস্তুতি ও সহায়ক ব্যবস্থা না থাকলে তাঁদের ঝুঁকি আরও বেড়ে যায়। তাই দুর্যোগ ব্যবস্থাপনায় তাঁদের প্রয়োজন ও সক্ষমতাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন বক্তারা।
দলভিত্তিক আলোচনায় অংশগ্রহণকারীরা দুর্যোগকালীন সময়ে প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা, আশ্রয়কেন্দ্রে প্রবেশগম্যতা, তথ্যপ্রাপ্তি এবং জরুরি সেবার সুযোগ নিশ্চিত করার বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। পরে সেগুলো উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।
কর্মশালায় ইপসার ট্রেনিং হেড শাহ সুলতান শামীম, অ্যাকাউন্টস অফিসার সায়রা বেগম, প্রকল্প কর্মকর্তা তাপস নন্দী, সীতাকুণ্ড প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী, এনজিও কর্মকর্তা মো. আব্দুল মোতালেব ও আজমল হোসেন হিরুসহ অন্যরা উপস্থিত ছিলেন। এছাড়া মিরসরাই উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংগঠনের সভাপতি ইসতিয়াক আহমেদ এবং সংগঠনের সদস্যবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন। তাঁরা প্রশিক্ষণের বিভিন্ন সেশন ও দলীয় আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করতে শুধু নীতিমালা প্রণয়ন নয়, স্থানীয় পর্যায়ে কার্যকর বাস্তবায়নও জরুরি। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলার পরিকল্পনা ও দুর্যোগ প্রস্তুতিতে তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
দৈনিক চট্টগ্রামপোস্ট