কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বসতভিটা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৭ মার্চ (শুক্রবার) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ বন্দর ৩ নম্বর ওয়ার্ডে শিমুল সেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— শিমুল সেন (৬০), তার মেয়ে অ্যাডভোকেট সুমি সেন (৩১) এবং চৈতি সেন (২৪)। ঘটনার পরদিন শিমুল সেন বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলার নম্বর ৩৬।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিজস্ব বসতভিটায় শ্রমিক দিয়ে কয়েকটি গাছ কাটছিলেন শিমুল সেন। এ সময় বিবাদী রনি সেন, জনি সেন, সত্যজিৎ সেন ও বিশ্বজিৎ সেনসহ মুখোশধারী আরও ৬-৭ জন এসে গাছ কাটতে বাধা দেন। বাধার কারণ জানতে চাইলে তারা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে বাদীপক্ষের ওপর হামলা চালায়। এতে শিমুল সেন ও তার দুই মেয়ে মারাত্মক আহত হন।
স্থানীয় গ্রামবাসীদের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় দাঙ্গাবাজ ও প্রভাবশালী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে থানায় ও আদালতে একাধিক মামলা রয়েছে বলেও জানান তারা।
এ বিষয়ে শিমুল সেন বলেন, বিরোধপূর্ণ ভিটাটি তাদের রেকর্ডভুক্ত পৈত্রিক সম্পত্তি। তিনি অভিযোগ করেন, বিবাদীরা অবৈধভাবে দখল করে রেখেছে এবং সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে সেখানে অবস্থান করছে।
অ্যাডভোকেট সুমি সেন বলেন, “আমরা পুরো পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আসামিরা পলাতক থেকে গভীর রাতে আমাদের বাড়ির চারপাশে ইটপাটকেল নিক্ষেপ করছে। আমরা প্রশাসনের সহযোগিতা চাই।”
এ বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর আলম জানান, ঘটনায় একটি মামলা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক চট্টগ্রামপোস্ট