নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের সাথে একাত্ম হয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এই ইস্যুতে রাত ৮টার মধ্যে দোকানপাট, বাণিজ্যবিতান ও শপিং মল বন্ধ করার চিন্তা ভাবনা করছে সংগঠনটি। তবে চট্টগ্রামের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এ বিষয়ে আগামী শনিবার ঢাকায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বৈঠকের কথা রয়েছে। বৈঠকের পর চট্টগ্রাম নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।
এ বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সালামত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জ্বালানি সংকটের কারণে দোকানপাট,মল রাত ৮টার মধ্যে বন্ধের ব্যাপারে আমরা এখনো সিদ্ধান্তে আসিনি। আমাদেরকে কেন্দ্রীয় কমিটি থেকেও কোনকিছু জানানো হয়নি। তবে কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, ৪ এপ্রিল দুপুর ১২টায় জ্বালানিমন্ত্রী একটি সভা ডেকেছেন। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রীও উপস্থিত থাকার কথা রয়েছে। বিষয়টি নিয়ে মিটিং অনুষ্ঠিত হবে। মিটিংয়ে সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত হয়, আমরা তা বাস্তবায়ন করব।
এদিকে, গণমাধ্যমে প্রকাশিত রাত ৮টার মধ্যে দোকান বন্ধের সিদ্ধান্তের ঘোষণাটি সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
সমিতির সভাপতি হেলাল উদ্দিন ভিডিও বার্তায় বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে কে বা কারা দোকান বন্ধের একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার মধ্য দিয়ে তারা প্রচারও শুরু করেছে। এ ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, বাংলাদেশ দোকান মালিক সমিতি এখনও ওই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।

দৈনিক চট্টগ্রামপোস্ট