ঢাকা | বঙ্গাব্দ

উত্তর ফটিকছড়ি উপজেলা ইস্যুতে মতবিনিময় সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 5, 2026 ইং
উত্তর ফটিকছড়ি উপজেলা ইস্যুতে মতবিনিময় সভা ছবির ক্যাপশন: মতবিনিময় সভা
ad728
এম. আজগর সালেহী, চট্টগ্রাম:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ৫নং হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইকবাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে প্রবাস থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত অপপ্রচারকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় জনগণ ও নেতৃবৃন্দ। একইসাথে প্রস্তাবিত ‘উত্তর ফটিকছড়ি’ উপজেলা গঠন সংক্রান্ত বিষয়ে সাধারণ জনগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহৎ এই নাগরিক মতবিনিময় ও প্রতিবাদ সভাটি হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে বিপুল সংখ্যক জনগণের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কর্ণেল মোহাম্মদ মুজিবুর রহমান। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন হাফেজ মাওলানা শাহাদাত হোসেন। উদ্বোধনী বক্তব্য রাখেন প্রফেসর মোহাম্মদ নাজমুল করিম এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম।
সভায় বক্তারা বলেন, চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীর ধারাবাহিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল প্রতিবার নির্বাচনের পূর্বে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছে। তারা অভিযোগ করেন, একটি কুচক্রী গোষ্ঠী ভাড়াটে সন্ত্রাসীদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য ছড়াচ্ছে এবং এমনকি প্রাণনাশের হুমকিও দিচ্ছে, যা সম্পূর্ণ নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ।
বক্তারা আরও বলেন, একজন জনপ্রিয় জনপ্রতিনিধিকে ষড়যন্ত্রমূলকভাবে হেয় প্রতিপন্ন করার মাধ্যমে জনগণের ভালোবাসা কেড়ে নেওয়া যাবে না। অতীতে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও চিহ্নিত ব্যক্তিদের ব্যবহার করে এই ধরনের অপপ্রচার চালানো হলেও সাধারণ জনগণ এসব ষড়যন্ত্র সম্পর্কে সচেতন।
সভায় উপস্থিত বক্তারা অবিলম্বে অপপ্রচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, উন্নয়ন বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে জনগণ ঐক্যবদ্ধ রয়েছে।
প্রস্তাবিত উত্তর ফটিকছড়ি উপজেলা গঠন প্রসঙ্গে চেয়ারম্যান আলহাজ্ব ইকবাল হোসেন চৌধুরী তার বক্তব্যে বলেন, এই উপজেলা দীর্ঘদিন ধরে প্রক্রিয়াধীন একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক উদ্যোগ, যার কার্যক্রম বিগত সরকারের সময় থেকেই চলমান রয়েছে। তিনি অভিযোগ করেন, স্থানীয় সরকারের নিয়ম অনুযায়ী থানার পাশে উপজেলা পরিষদ স্থাপনের সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও একটি পক্ষ আদালত ও সরকারের নির্দেশনা অমান্য করে ভিন্নমুখী অবস্থান নিচ্ছে।
তিনি আরও বলেন, হারুয়ালছড়ি ইউনিয়নবাসী অতীতেও জনগণের মতামতের পক্ষে ছিল এবং এখনো তারা জনগণের সিদ্ধান্তের প্রতি সম্মান জানায়। তিনি স্পষ্ট করে জানান, যদি প্রস্তাবিত উত্তর ফটিকছড়ি উপজেলার প্রশাসনিক ভবন বর্তমান ভূজপুর থানা ভবনের সাথে স্থাপন করা হয়, তাহলে তারা এই উদ্যোগকে সমর্থন করবেন। অন্যথায়, উপজেলা ভবন অন্যত্র স্থাপন করা হলে হারুয়ালছড়ি ইউনিয়ন বর্তমান ফটিকছড়ি উপজেলার সাথেই থাকার সিদ্ধান্তে অটল থাকবে।
সভায় আরও বক্তব্য রাখেন ডা. আহমদ রহিম, প্রফেসর মোহাম্মদ হামিদ উল্লাহ, মাস্টার মোহাম্মদ জয়নাল আবেদীন, মাস্টার জয়নাল আবেদীন চৌধুরী, মোহাম্মদ এমদাদ হোসেন, মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ নিজাম উদ্দিন চৌধুরী, হাফেজ নুরুল আমীন, মাওলানা আব্দুর রহীম, হাফেজ আব্দুর রহমান, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ জানে আলম, রিফাত ফয়সাল হাসান চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম, গীতা ত্রিপুরা মাঝি, প্রজ্ঞয় ত্রিপুরা, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সওদাগর, মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ গিয়াসউদ্দিনসহ ইউপি সদস্যবৃন্দ।
সবশেষে, সভায় উপস্থিত সর্বস্তরের জনগণ উন্নয়ন, শান্তি ও সুশাসন বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তি রোধে সচেতন থাকার আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
চট্টগ্রাম-৯: সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমীর নির্বাচনী ইশতেহ

চট্টগ্রাম-৯: সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমীর নির্বাচনী ইশতেহ